নেদারল্যান্ডের অ্যামস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক পানি সপ্তাহে (৩০ অক্টোবর – ৩ নভেম্বর) বাংলাদেশ জাতিসংঘের পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য দেশসমূহ এবং ডেল্টা কোয়ালিশনের সদস্য দেশসমূহের কাছে পানি ও ডেল্টা ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবিলায় চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেন। আন্তর্জাতিক পানি সপ্তাহে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের নিকট তিনি এ মন্তব্য করেন।
মিজ সুরাইয়া বেগম, সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সুরাইয়া বেগম বাংলাদেশের ‘শেরপা’ হিসেবে কৌশলগত ডায়ালগে যোগদান করেন। যেখানে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। ডায়লগে সুরাইয়া বেগম সুপেয় পানি নিশ্চিত করণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির উপর আলোকপাত পূর্বক সকলের জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন।
IMG0
সিনিয়র সচিব নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলে নেদারল্যান্ডের বিভিন্নভাবে সম্পৃক্ততার বিষয়ে, বিশেষকরে বাংলাদেশ এবং অষ্ট্রেলিয়ার সহযোগিতায় পানি মূল্যায়ন উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন। তিনি পানি মূল্যায়ন উদ্যোগ পরীক্ষা, উন্নয়ন এবং বাস্তবায়নে নেদারল্যান্ডের সম্পৃক্ততার প্রস্তাব করেন। ডাচ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, প্রতিশ্রুতি এবং সামাজিক উন্নয়নে গৃহীত নানাবিধ ব্যবস্থার বিষয়ে তার নিবিড় আগ্রহের কথা ব্যক্ত করে বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ড সরকারের সহযোগিতার আশ্বাস পূনর্ব্যক্ত করেন।
আন্তর্জাতিক পানি সপ্তাহের পাশাপাশি নেদারল্যান্ডের অবকাঠামোগত এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় অংশগ্রহণকারী প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করে। নেদারল্যান্ডে ডেল্টা কোয়ালিশনের সদস্য দেশসমূহের রাষ্ট্রদূতগণও উক্ত নৈশভোজে অংশগ্রহণ করেন।
জাতিসংঘের পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের শেরপা বৈঠকে সিনিয়র সচিব মিজ সুরাইয়া বেগম ‘পানি এবং স্যানিটেশন’ বিষয়ে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন।
ইত্তেফাক/ইউবি