নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ বাজারে একটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে।
এ ব্যাপারে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মীরগঞ্জ বাজারে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হচ্ছে। তবে নিজস্ব ভবন না থাকায় আপাতত ভাড়া বাসায় কার্যক্রম শুরু করা হবে। তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকবেন ১৭ জন পুলিশ। এর মধ্যে ১ জন এসআই, ২ জন এএসআই ও ১৪ জন কনস্টেবল।
এ ব্যাপারে মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির খান হুকুম আলী বলেন, আমার মিরগঞ্জ ইউনিয়নটি গত ৪১ বছরে অবহেলিত ছিল। এখানে ছিল অনেক কিছুর অভাব। বর্তমানে এই ইউনিয়নে ১টি সাব-রেজিষ্ট্রি অফিস, ১টি দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল, ১টি ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম ও পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে জলঢাকা উপজেলাটি গঠিত। এর মধ্যে মীরগঞ্জ, শিমুল বাড়ি ও ধর্মপাল এই ৩টি ইউনিয়ন, উপজেলা শহর থেকে প্রায় ২৫ কিঃমিঃ দূরে। স্থানীয় সরকারের প্রচেষ্টায় এ অঞ্চলের মানুষকে সহজে পুলিশের সেবা নিশ্চিত করতে, মিরগঞ্জ বাজারে পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের অনুমতি দেন কর্তৃপক্ষ। এ খবরটি স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফা নিজে গত শুক্রবার সন্ধায় মীরগঞ্জবাসীকে জানালে, এলাকার যুব সমাজ ও মিরগঞ্জ বাজারের ব্যাবসায়ীরা আনন্দে জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ সময় এমপি বলেন, এলাকার মানুষ খুশি হয়েছে এটাই আমার বড় পাওয়া।
ইত্তেফাক/নূহু