দক্ষিণ চট্টগ্রামের সবুজে ঘেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য দিনদিন হারিয়ে যেতে বসেছে। উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ী মাটি ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করছে প্রভাবশালী মহল। বনবিভাগ কিংবা প্রশাসনিক অবহেলা, দায়িত্বহীনতার কারণে প্রাকৃতিক সৌন্দর্য্য হারিয়ে যেতে বসলেও দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দোহাজারীস্থ লালটিয়া পাহাড়ের হিমছড়ি এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ইউপি সদস্যের লোকজন ট্রাকে করে মাটি কেটে নিয়ে যেতে দেখা যায়। তাই নয় থেমে নেই কোথাও অবৈধ পাহাড় কাটা। বন বিভাগের দায়িত্বহীনতা ও সংরক্ষণের অভাবে উপজেলার কাঞ্চননগর, হাশিমপুর ও দোহাজারী এলাকায় একটি প্রভাবশালী মহল নির্বিঘ্নে পাহাড় ও পাহাড়ি বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে দিচ্ছে। উপজেলা প্রশাসন বছরে এক-দুইবার অভিযান চালিয়ে গেলেও বন্ধ হচ্ছে না পাহাড় কাটা।
এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার লুত্ফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাহাড় কাটা সরকারিভাবে নিষিদ্ধ। তা কেউ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এএম।