কেরানীগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক খুচরা মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহাআলম জানান, ধলেশ্বরী নদীর উত্তরপাশে খাড়াকান্দি এলাকায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত মো. সালাউদ্দিন (৩৫) ওই এলাকার মো. ফালানের ছেলে। পার্শ্ববর্তী কলাতিয়া বাজারের একজন খুচরা মাছ বিক্রেতা ছিলেন।
 
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পরিদর্শক শাহাআলম জানান, রাতে বাড়ির পাশে দুর্বৃত্তরা ধাঁরালো অস্ত্র দিয়ে সালাউদ্দিনকে এলোপাথারি কুপাতে থাকে। এ সময় তার আত্মচিত্কারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
 
নিহতের শরীরে ধাঁরালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে জানান পরিদর্শক শাহআলম। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
 

ইত্তেফাক/এএম।