কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনতার হাতে আটক দুই মাদক সেবনকারীর প্রত্যেকের পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও তার কার্যালয়ে আদালত বসিয়ে এ জরিমানা করেন।
জরিমানা প্রদানকারীরা হলেন, লালমনিরহাট সদর উপজেলার সাপটানা গ্রামের মৃত মোহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে শামিম রেজা (৪০) এবং একই উপজেলার ইটাপোতা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে এসরাইল হোসেন (৩৩)।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি মদ পান করে উপজেলার চর গোরকমণ্ডল আনন্দ বাজারের পূর্ব পাশের রাস্তায় দাঁড়িয়ে বাজারগামী পথচারীদের অকথ্য গালাগাল করতে থাকে। একপর্যায়ে পথচারী ও বাজারের লোকজন জড়ো হয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার সেলিমুর রহমান সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই দুই মাদক সেবনকারীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উক্ত জরিমানা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান