মৌলভীবাজার উপজেলার জয়চণ্ডি ইউনিয়নের পুষাইনগর কোনাপাড়া এলাকায় ছুরিকাঘাতে মো. কয়ছর মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, পোষাইনগর এলাকায় গ্রামীণ টাওয়ারের পাকা কাজে নিয়োজিত শ্রমিক মো. কয়ছর মিয়া অন্যান্য শ্রমিকদের সঙ্গে তাহের মিয়ার (১৯) দোকানে খাওয়া-দাওয়া করতো। সন্ধ্যার পর খাওয়ার মান নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাহের মিয়া একটি ধারালো ছুরি দিয়ে কয়ছর মিয়াকে সজোরে আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে আনার পথে মারা যান।
এই ব্যাপারে কয়ছর মিয়ার বাবা মো. চিনু মিয়া বাদী হয়ে তাহের মিয়াসহ কয়েকজনকে আসামি করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভুষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদেরকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
ইত্তেফাক/জামান