চলচ্চিত্রে আরফিন রুমি!

জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমিকে দেখা যাবে চলচ্চিত্রে। অভিনয় না করলেও, চলচ্চিত্রে একটি গানে পারফর্ম করছেন তিনি। ছবির নাম ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবির একটি ‘কাওয়ালী’ গানের মাধ্যমে প্রথমবার রুপালি পর্দায় দেখা মিলবে এই সংগীত তারকার।
 
শুক্রবার এফডিসির কড়ইতলায় গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন রুমি।
 
রুমি জানান, চলচ্চিত্রের অনেকগুলো গানের সংগীত পরিচালনা করেও কখনও দর্শকরা আমাকে রুপালী পর্দায় দেখতে পাননি। পাঁচ বছর আগে ‘ছায়াছবি’ নামের একটি ছবির গানে কাজ করলেও সেটি মুক্তি পাইনি। এবার প্রথমবার বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করলাম। পুরোপুরি পেশাদার হিসেবে নায়কের সঙ্গে ছবির গানে কাজ করলাম। গানে আলাদা একটি চরিত্র নিয়ে কাজ করছি।
IMG0
রুমি বলেন, প্রথমে ভেবেছিলাম পারব না। কারণ, পরিচালক মানিক ভাই আগেই জানিয়েছিলেন গানের মধ্যে অভিনয় লাগবে, এটি মিউজিক ভিডিও’র মত নয়। আমার কাছে মনে হয়েছে গান গাওয়ার চেয়ে অভিনয় করা কঠিন। কারণ গান করতে চেহারা যেমন হোক কেউ বুঝতে পারেন না। কিন্তু অভিনয় করতে গেলে সবকিছু ঠিক রাখতে হয়। তবে ভালোয় ভালোয় কাজটি হয়েছে। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হলো।
 
‘জান্নাত’ ছবির চারটি গানের সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। ছবিটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক, মাহিয়া মাহি, মিশা সওদাগর।
 
ইত্তেফাক/রেজা