এবার রায়পুরায় দুর্বৃত্তের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ, আটক দুই

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে। অগ্নিদগ্ধরা হলেন: উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের সামসুউদ্দিনের মেয়ে প্রীতি (১২), সুইটি (১৪), মুক্তা (১৬) ও তাদের ফুফু খাতুন নেছা (৬৫)। আহতদের প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

রায়পুরা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে লোচনপুর গ্রামের দুলাল মিয়ার সঙ্গে একই গ্রামের বিপ্লবের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে দুলাল মিয়া একবছর আগে খুন হয়। এ নিয়ে বিপ্লব গংদের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে বিপ্লব মিয়ার পরিবার পলাতক ছিল। গত সোমবার বিপ্লবের পরিবার নিজ বাড়িতে ফিরে আসে। এরপর রাতেই নিজ ঘরে অগ্নিদগ্ধ হয় বিপ্লবের তিন বোন ও ফুফু। তবে কীভাবে অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে তা জানেন না স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে হঠাত্ বিকট শব্দ হয় এবং কয়েকজন মানুষের চিত্কার শুনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

রায়পুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শেখ হানিফ বলেন, লোচনপুর গ্রামে বিপ্লবের বাড়িতে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে আগুনে ক্ষয়-ক্ষতির কোনো আলামত পাইনি। কিভাবে মানুষগুলো পুড়েছে তা বুঝতে পারছি না। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কবির জানান, বিষয়টি অগ্নিকাণ্ড নাকি পেট্রোল বোমা সে সম্পর্কে আমি অবগত নই। তবে আহতদের সম্পর্কে খোঁজখবর নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। নরসিংদী পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।