জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কে কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশের ওপর ট্রাক তুলে দিয়েছে চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তা। পুলিশ কর্মকর্তাদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে দ্রুত পালাতে গিয়ে অন্য একটি টমটম গাড়িকে ট্রাকটি ধাক্কা দিলে আহত হয় আরো তিন জন। নম্বরবিহীন ট্রাকটিকে আটক করা গেলেও পালিয়েছে চালক। ঘটনাটি ঘটেছে গত সোমবার জগন্নাথপুর পয়েন্টে।
আহতরা হলেন ট্রাফিক পুলিশের ইনচার্জ ফেরদৌস আলম ও জন্নাতপুর থানার এএসআই শাহিন আলম। আহত যাত্রীরা হলেন জগন্নাথপুর উপজেলার কবিরপুর গ্রামের সুলতান মিয়া, শামিম মিয়া ও আল আমীন। সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। চালকের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।