আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা মানে উন্নয়ন আর খালেদা জিয়া মানে হাওয়া ভবন, ২১ আগস্টের ঘটনার পুনরাবৃত্তি। আর খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় ও দেশকে পিছিয়ে দেওয়া। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় চার নেতার খুনিদের রায় কার্যকর করতে হলে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের ভোটে এক নাগাড়ে প্রায় দশ বছর ক্ষমতায় আছেন বলেই উন্নয়ন হচ্ছে। চট্টগ্রামের চেহারা পাল্টে দিয়েছেন। পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। বাংলাদেশ আজ শান্তির দেশ।
রবিবার বিকালে নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আমেরিকা, ব্রিটেন, মালয়েশিয়া, ভারতসহ গণতান্ত্রিক বিশ্বে যেভাবে নির্বাচন হয় একইভাবে বাংলাদেশে নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। অন্য কোনোভাবে নির্বাচন হবে না, হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তত্ত্বাবধায়ক আর সহায়ক এগুলি নিয়ে ঘরের মধ্যে বসে থাকেন। লাভ কিছুই হবে না। কোনো সহায়ক তত্ত্বাবধায়ক হবে না। সেই নির্বাচনে বেগম জিয়া যদি আসেন মাঠে ইনশাল্লাহ খেলা হবে। দেখব কে যেতে কে হারে। মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, আপনারা আন্দোলনের কথা বলেন ছেদ পড়লে সব ফেলে পালিয়ে যান। ভয় দেখাবেন না। নির্বাচন হবে ১৮ সালের ডিসেম্বরে। বিজয়ের মাসে। ডিসেম্বর মাস হলো বাঙালির বিজয়ের মাস, নৌকার বিজয়ের মাস, বঙ্গবন্ধুর বিজয়ের মাস। বিজয়ের মাসে ইনশাল্লাহ আবার আমরা বিজয়ী হব। কিন্তু বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তাদেরকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
ইত্তেফাক/এমআই