বরগুনা (উত্তর) প্রতিনিধি
বরগুনায় ফের একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা পাঁচ মিনিটের দিকে ক্লাস চলার সময় পৌর শহরের আমতলা পাড় এলাকার মধ্য বরগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মাত্র এক মিনিটের জন্য বেঁচে গেছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নিপা জানান, যে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে ওই শ্রেণিতে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান চলছিল। ওখানে রিফাত নামে এক শিক্ষার্থী বসা ছিল। রিফাত ইউনিফর্ম পরে না আসায় তাকে ইউনিফর্ম পরতে বাসায় পাঠাই। রিফাত বাসায় যাওয়ার এক থেকে দেড় মিনিটের ব্যবধানে এ ঘটনা ঘটে। তিনি আরো বলেন, দু’বছর আগে তিনি এ স্কুলে যোগদান করেন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এই ভবনে কোনো সংস্কার হয়নি। ভবনটির ছবিসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলেও তারা সংস্কারে কর্ণপাত করেননি।
এ বিষয়ে বরগুনা সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবনটির যে যে স্থানে ফাটল দেখা দিয়েছে, সে স্থানের পলেস্তারা ফেলে দিতে বলা হয়েছে।
এর আগে, গত শনিবার বেলা ১১টার দিকে বরগুনার তালতলী উপজেলার পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের গ্রেডবিম খসে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৭/৮ জন।