অনেকদিন প্রেম করেছেন মার্কিন র্যাপার টাইগা'র সঙ্গে। কিন্তু মা হতে যাচ্ছেন ট্র্যাভিস স্কটের সন্তানের। জনপ্রিয় মার্কিন মডেল কিম কার্দেশিয়ানের ছোট বোন কাইলি জেনার এর কথা বলছি। মডেলদের মধ্যে সবচেয়ে কম বয়সে মা হতে যাচ্ছেন তিনি। আর তাই মাতৃত্বকালীন এই পরিবর্তন দারুণ উপভোগ করছেন কাইলি। শোনা যাচ্ছে, এই সময়টিকে স্মরণীয় করে রাখার পরিকল্পনা করছেন তিনি।
কাইলির অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন তার মা ক্রিস জেনার। সন্তানের আগমনে দারুণ খুশি তাদের পরিবার। সেই সঙ্গে কাইলির ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। তার সোশ্যাল মিডিয়ার পোস্ট মিস করেন না কোনো ভক্তই। সেদিন ইনস্টাগ্রামে নেইল পেইন্ট করা হাতের ছবি পোস্ট করেন কাইলি। ক্যাপশনে লিখেছেন, ‘ফটোশুটের দিন’। আর এই ফটোশুটকে ঘিরেই তৈরি হয়েছে উন্মাদনা।
রিয়েলিটি টিভি তারকা কাইলি তার মাতৃত্বকালীন ফটোশুট করছেন বলেই মনে করছেন ভক্তরা। প্রায় ৪০ হাজার কমেন্ট পাওয়ায় গেছে এই ছবির নিচে। কাইলির সন্তান ছেলে নাকি মেয়ে- এই নিয়েও গুঞ্জন শুরু হয়েছে ভক্ত মহলে। ছবির মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, ‘মাতৃত্বকালীন ফটোশুট?’ একজন লিখেছেন, ‘কন্যা সন্তান জন্ম নেবে কাইলির ঘরে।’ একজন অনুসারীর মন্তব্য ছিল এমন, ‘ছবি দেখার জন্য অপেক্ষার তর সইছে না।’ ডেকান ক্রনিকল।
ইত্তেফাক/রেজা