আমিন খান বিশেষ বিশেষ দিবসের নাটক-টেলিফিল্মে তাকে এখন প্রায়ই দেখা যায়। সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন তিনি। অনেকদিন পর আবারও অভিনেত্রী ফারহানা মিলির সাথে নাটকে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘ভালোবাসার রঙধনু’। নাটকটি নির্মাণ করেছেন রবিউল ইসলাম প্রধান।
এতে অভিনয় প্রসঙ্গ ও গল্প নিয়ে আমিন খান বলেন, ‘সব ভালোবাসারই যে মিলন হয় না এবং মিলন ছাড়াও যে ভালোবাসা অটুট থাকে তাই ভালোবাসার রঙধনু নাটকে তুলে ধরা হয়েছে। রবির নির্দেশনায় এর আগেও কাজ করেছি। বেশ যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করে রবি। মিলির সঙ্গে প্রায় ৪ বছর পর কাজ করেছি। অভিনয়ে মিলি বেশ সাবলীল। যে কারণে আমাদের দু’জনের মধ্যে কাজের রসায়নও বেশ চমত্কার হয়েছে। সব মিলিয়ে আমরা দু’জন ভালোবাসার রঙধনুকে উপভোগ্য করে তোলার চেষ্টা করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’
আমিন খান জানান, আগামী ২৩ নভেম্বর নাটকটি আরটিভিতে প্রচার হবে। আমিন খান ও ফারহানা মিলি ৪ বছর আগে প্রথম অনন্য ইমনের নির্দেশনায় ‘ওয়াটার কালার’ নাটকে অভিনয় করেন। এরপর তাদেরকে আর একসঙ্গে অভিনয়ে দেখা যায়নি। ফারহানা মিলি এরমধ্যে মামুনুর রশীদের নির্দেশনায় যক্ষাবিষয়ক একটি জনসচেতনতামূলক ডকুড্রামায় অভিনয় করেছেন।
নিয়মিত অভিনয় করছেন মিলি মোস্তফা কামাল রাজের নির্দেশনায় এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্রাজুয়েট’-এ। এদিকে, আমিন খান শিগগিরই ‘অবতার’ নামের নতুন একটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন। এতে তার সহশিল্পী মাহিয়া মাহী। চলচ্চিত্রটি নির্মাণ করবেন মাহমুদ হাসান।
এছাড়া তিনি কালাম আজাদের নির্দেশনায় ‘বিরোধ’ নামের একটি ধারাবাহিক নাটকেরও শুটিং শুরু করতে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, ছোটপর্দা ও বড়পর্দা, দুই পর্দাতেই আমিন খান সমানতালে কাজ করছেন। আমিন খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র উত্তম আকাশ পরিচালিত ‘এক জবানের জমিদার’।
ইত্তেফাক/আনিসুর