নটর ডেম কলেজে আয়োজিত হলো নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব আয়োজিত অষ্টম জাতীয় প্রকৃতি সম্মেলন ২০১৭। ব্র্যাক নার্সারি প্রযোজিত ২০ ও ২১ অক্টোবর দুদিন ব্যাপী এ মহোৎসবের টাইটেল ছিল Brac Nursery presents 8th National Nature Summit 2017
অনুষ্ঠানের আগেরদিন রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অনুষ্ঠানের দুদিনই প্রচণ্ড ঝড়বৃষ্টিতেও প্রায় পাঁচ শতাধিক প্রতিযোগীর উপস্থিতিই যেন এ অনুষ্ঠানের বড় প্রাপ্তি। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকিদ মজুমদার বাবু, প্রফেসর সিরাজুল ইসলাম, মোহম্মদ রাশেদ এবং ফাদার প্যাট্রিক তি গ্যাফনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব সমন্বয়ক ফাদার লেনার্ড শংকর রোজারিও সিএসসি। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিগণ বক্তৃতা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। প্রবল ঝড়বৃষ্টি সত্ত্বেও সারাদেশ থেকে একত্র হওয়া প্রকৃতিপ্রেমীদের কলহাস্যে মুখর ছিল নটরডেম কলেজ প্রাঙ্গণ। বিকেলে পানি ব্যবস্থাপনার ওপর একটি সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হয় যার প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক এবং বিশেষ অতিথি ছিলেন তাহমিদ হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাদার হেমন্ত পিয়ূষ রোজারিও সিএসসি। সায়েন্টিফিক সেশনের মাধ্যমে সমাপ্তি ঘটে প্রথম দিনের কার্যক্রমের। দ্বিতীয় দিন আবহাওয়া অসহনীয় পর্যায়ে চলে সকল কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে। এদিন আরেকটি সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হয়, যার প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ড. আতিক রহমান এবং বিশেষ অতিথির আসনে অধিষ্ঠিত হন মোহম্মদ শাহাদ খান চৌধুরী। এদিন সভাপতির ভূমিকায় অবতীর্ণ ছিলেন ফাদার আন্তনী সুশান্ত গমেজ সিএসসি। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় সায়েন্টিফিক সেশনের মাধ্যমেই দ্বিতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
তবে যারা ঝড়বৃষ্টির কারণে অনুষ্ঠান পণ্ড হয়েছে ভেবে আফসোস করছিল, তাদের হতাশা ভেঙ্গে দিয়ে নতুন শিডিউল ঘোষিত হয় এবং গত ১ নভেম্বর ২০১৭ আবার প্রকৃতির রঙে সাজে নটরডেম কলেজ প্রাঙ্গণ। এদিন বিকাল ৩ টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সংসদের চিফ হুইপ এ এস এম ফিরোজ, এমপি। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল ফাদার হেমন্ত পিয়ূষ রোজারিও সিএসসি। এদিন বিভিন্ন ইভেন্টের জয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অবশেষে ধন্যবাদ আদানপ্রদানে সমাপ্তি ঘটে দেশের সবচেয়ে বড় প্রকৃতি বিষয়ক এ সম্মেলনের।
প্রচণ্ড ঝড়বৃষ্টি সত্ত্বেও প্রায় ৮০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক প্রতিযোগীর উপস্থিতিই অনুষ্ঠানের সফলতা প্রমাণে যথেষ্ট। সেইসাথে, এই অনুষ্ঠানের যে স্লোগান, "Better environment, better tomorrow", এই স্লোগানেরও বাস্তব অভিজ্ঞতা হয় এ অনুষ্ঠানে। প্রকৃতি রক্ষায় এখনি এগিয়ে না এলে যে সামনে প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ আরও বাড়বে, টানা দুদিন বর্ষণ যেন এই বার্তাটিই দেয়। এভাবে, সকল বাধা বিপর্যয় অতিক্রম করে টানা অষ্টমবারের মতো আয়োজিত হয় দেশের সর্ববৃহৎ প্রকৃতি সম্মেলন।