দেশের ক্যাম্পাস ভিত্তিক প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১০ বিঘা জুড়ে বোটানিক্যাল গার্ডেন গবেষণার কাজ শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সাইন্স অনুষদের অধীনে গার্ডেনের কার্যক্রম পরিচালিত হবে। এর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মোক্তার হোসেন।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসাকারীর নেতৃত্বে পরিকল্পনা কমিটি বিশ্ববিদ্যালয়ের লেক সংলগ্ন স্থানটি পরিদর্শন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের ঝিলের পূর্বপাশ এলাকায় প্রায় ১০ বিঘা জুড়ে বোটানিক্যাল গার্ডেন তৈরি করা হবে। গার্ডেনটিতে বিভিন্ন ফলজ, ভেষজসহ সকল ধরণের বৃক্ষ স্থান পাবে। এতে পরিবেশগত উন্নয়নের পাশাপাশি প্রতিবছর বিভিন্ন প্রজাতির অতিথি পাখির সুরক্ষা প্রদানে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সাইন্স অনুষদভুক্ত দুটি বিভাগে এতে পরীক্ষা নিরীক্ষণে কার্যক্রম পরিচালিত করবেন। যেকোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে লেকের দুই পাশে ২০ ফিট উঁচু ওয়াচ টাওয়ার থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার রাস্তার দুপাশে ল্যান্ড গার্ডেনিং স্কেপ তৈরি করা হবে। বিশ্ববিদ্যালয়ের এমন নান্দনিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিনোদনের সুযোগ পাবেন বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মনে করছেন।
আরও পড়ুন: ক্লাস একটি...যে ফাস্ট, সেই লাস্ট
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড.রাশিদ আসকারী বলেন, ‘আমরা উদ্ভিদ বৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ক্যাম্পাসকে নৈসর্গিক শোভামণ্ডিত করতে বিশ্ববিদ্যালয় ঝিলের পাশে একটি বোটানিক্যাল গার্ডেন এবং শহীদ মিনার সংলগ্ন খোলা চত্বরে একটি ল্যান্ড স্কেপ গার্ডেনিং করার পরিকল্পনা গৃহীত হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ