শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে রাত্রিকালীন টহল পুলিশের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র চরমপন্থি দলের সদস্যরা। এসময় পুলিশ ও চরমপন্থি দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাঁটুতে গুলি লাগলে প্রচুর রক্তক্ষরণ হয়।
গত সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিত্সার জন্য শজিমেকের চিকিত্সকদের পরামর্শে রাত তিনটার দিকে ওই পুলিশ কর্মকর্তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এঘটনায় শেরপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।