সহ-অধিনায়ক হতে চান এন্ডারসন

বর্তমানে খালি থাকা ইংল্যান্ড দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে রাজি বর্ষীয়ান পেসার জেমস এন্ডারসন। নিষিদ্ধ থাকা বেন স্টোকসের জায়গায় আসন্ন এ্যাশেজ সিরিজে দলে সহ-অধিনায়কের পদ গ্রহণে রাজি আছেন বলে সোমবার জানিয়েছেন এন্ডারসন। 
 
ব্রিস্টলে একটি নাইটক্লাবের বাইরে গত ২৫ সেপ্টেম্বর মারামারির ঘটনায় নিয়মিত সহ-অধিনায়ক স্টোকস নিষিদ্ধ থাকায় তাকে ছাড়াই দল নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছেন অধিনায়ক জো রুট।
 
আগামী ২৩ নভেম্বর ব্রিজবেনে শুরু হবে এ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। স্টোকসের বিষয়ে পুলিশী তদন্ত চলছে। যে কারণে সিরিজে তার অংশগ্রহণের বিষয়টি এখনো সরাসরি নাকচ করেনি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সহ-অধিনায়কত্ব বিষয়ে সাংবাদিকদের এন্ডারসন বলেন, ‘সত্যি বলতে এ বিষয়ে আমি প্রকৃত অর্থে কিছু চিন্তা করিনি।’
 
তবে এ দায়িত্ব নিতে বললে তিনি অস্বীকৃতি জানাবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না, আমি অস্বীকৃতি জানাবো না।’
তিনি আরো বলেন, ‘নির্দিষ্ট করে গত কয়েক বছরে দলে আমি নিজের ভূমিকাকে একজন নেতা হিসেবে দেখেছি বিশেষ করে যখন তরুণ বোলাররা দলে আসছে। যেখানেই পারছি আমি সাহায্য করার চেষ্টা করছি।’ 
 
ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী ৩৫ বছর বয়সী এন্ডারসন বলেন, সাবেক অধিনায়ক এলিস্টার কুক এবং ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের সহায়তায় তিনি ইতোমেধ্যই দলের একটি নেতৃত্ব দেয়ার দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, ‘একজন নেতা হতে হলে একশ’ টেস্ট খেলা যে কোন সিনিয়র খেলোয়াড়ের জন্য এটা কর্তব্য। এলিস্টার অধিনায়ক থাকার সময় আমি এবং স্টুয়ার্ট বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছি। আমাদের লিডারশীপ গ্রুপটি অত্যন্ত চমৎকার। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার অভিজ্ঞতা হচ্ছে দলের দক্ষতা বাড়ানো। আমি নিজে, এলিস্টার এবং স্টুয়ার্ট সবাই দলের দক্ষতা বাড়াতে কাজ করছি এবং যেখানে সুযোগ থাকবে সেখানে সাহায্য করা।’
 
এন্ডারসন বলেন, আমাদের বর্তমান দলটিতে অনেক খেলোয়াড় আছে যারা কখনো এ্যাশেজ সিরিজ কিংবা অস্ট্রেলিয়ায় খেলেনি। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাহায্য করা। 
 
ইত্তেফাক/রেজা