কমনওয়েলথভুক্ত সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন ভিসা পদ্ধতি চালুর বিষয়ে সুপারিশ গৃহীত হয়েছে। ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সম্মেলনের আজ সোমবার ৬ষ্ঠ দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বাণিজ্য, ভিসা সমস্যা, ভ্রমণ ও ট্যারিফ বিধিনিষেধ : কমনওয়েলথ দেশসমূহের সংসদ সদস্যদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় সংসদ সদস্যরা এ সুপারিশ গ্রহণ করেন।
কর্মশালার মডারেটর ছিলেন, কানাডার সংসদ সদস্য আলেকজান্দ্রা মেন্ডেজ। মূল আলোচক ছিলেন, নাইজেরিয়ার সিনেটর ইকে ই বেরেমাদু, যুক্তরাজ্যের লর্ড ডেভিস, গায়ানার এমপি জোসেফ এফ হারমান।
কর্মশালা শেষে বিআইসিসি মিডিয়া সেন্টারে মিডিয়া কমিটির সদস্য সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি সাগুফতা ইয়াসমীন এমিলি, পঙ্কজ দেবনাথ, তানভীর ইমাম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় মালয়েশিয়ার এমপি ও কমনওয়েলথ ওমেন পার্লামেন্টারীয়ানদের চেয়ারপার্সন ড. নোরায়নী ও হেলেনা দীপপুঞ্জের এমএলসি ডেরেক থমাস এ সময় উপস্থিত ছিলেন।
ফজিলাতুন নেসা বাপ্পি জানান, কর্মশালায় সুপারিশ গ্রহণ করা হয়েছে যে, ইউরোপিয়ান ইউনিয়নের ন্যায় কমনওয়েলথভুক্ত দেশসমূহে অভিন্ন ভিসা পদ্ধতি, বাণিজ্য উন্নয়ন, আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক বিধিনিষেধ সহজীকরণ ও একই অভিন্ন ইন্টারেস্টে সকল সদস্যদেশ গুলোকে একত্রিত হয়ে কাজ করা। বাসস।
ইত্তেফাক/এমআই