উপাচার্যের পদত্যাগ দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা ১৫তম দিনের মতো সড়কে অগ্নিসংযোগ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকার মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় তারা বিক্ষোভ শুরু করে। যা চলে দুপুর একটা পর্যন্ত। উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম গতকাল মঙ্গলবার দুপুর একটায় শেষ হলে কোনো ফলাফল না পাওয়ায় শিক্ষার্থীরা ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে। এসময়ে সড়কে অগ্নিসংযোগ করে উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।        শিক্ষার্থীরা জানান, যতক্ষণ পর্যন্ত তাদের একদফা দাবি আদায় না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সহমত প্রকাশ করে ১২ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. হাসানুজ্জামান।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বাদ দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করায় প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এজন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা ১৫ দিন আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।