মার্কিন সেন্ট্রাল কমান্ডকে ‘সন্ত্রাসী’ ঘোষণার হুমকি ইরানের

মার্কিন সেন্ট্রাল কমান্ডকে সন্ত্রাসী সংগঠন এবং যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসের প্রশ্রয়দাতা হিসেবে ঘোষণা দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটি সামরিক সক্ষমতা আরো বাড়ানোরও ঘোষণা দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘হিংসাত্মক’ উল্লেখ করে দূরে সরে আসার আহবান জানিয়েছেন। খবর রয়টার্সের   

সোমবার ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকায় অন্তর্ভূক্ত করে যুক্তরাষ্ট্র। এর নিন্দা জানিয়ে খামেনি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সেনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই বাহিনী ইসলামি অভ্যুত্থানে সামনে থেকে শত্রুর বিরুদ্ধে লড়াই এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে। গত ৪০ বছরে শত চেষ্টা করেও কোন কিছু অর্জন করতে পারেনি আমেরিকা। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের হিংসাত্মক সিদ্ধান্ত কোনো ফল বয়ে আনবে না। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খামেনির বরাত দিয়ে এসব কথা জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও বলেছেন, জনগন এবং অভ্যুত্থানকে রক্ষা করতে গার্ডের অনেকে জীবন উত্সর্গ করেছেন। এর আগে গার্ডের কমান্ডার আলী জাফারি বলেছেন, আমরা সামনের বছরগুলোতে প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়াবো। তিনি ওয়াশিংটনের সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন। ইরানের আর্মড ফোর্সেস স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিরুদ্ধে লড়াই করবে। গার্ডের অন্যতম কমান্ডার হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ যেন তাদের কাছে না আসে।