বিয়ের অনুষ্ঠান থেকে নেতাদের গ্রেফতারের নিন্দা বিএনপির

 
বিয়ের দাওয়াতের অনুষ্ঠান থেকে খুলনার কয়রা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা পৌর বিএনপির আহ্বায়ক আবদুস ছাত্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আবদুল মজিদসহ দলের ১০ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বিএনপি। 
 
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর দুপুরে কয়রা উপজেলার বাবুরাবাদ গ্রামে রবিউল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান কয়রা উপজেলা ও পাইকগাছা উপজেলা বিএনপির নেতারা। পরে পুলিশ সেই বাড়ি ঘেরাও করে ১০ নেতাকে আটক করে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। এই মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। দুই দিন পর সোমবার দুপুর ২টার দিকে তাদের আদালতে সোপর্দ করে এবং তিনদিনের রিমান্ডে নেয়। 
 
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার নয়াপল্টনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতাদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ ও অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
 
ইত্তেফাক/ইউবি