পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৩ শিক্ষার্থীর কারাদণ্ড, পাঁচ শিক্ষক বহিষ্কার

 
চলমান জেএসসি পরীক্ষায় মোবাইল ফোনে সাহায্য করার অভিযোগে তিন শিক্ষার্থীর প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার তানোর উপজেলার তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
দণ্ডিতরা হলেন- রাজশাহী কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রনি কুমার (২৫), সিটি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ ও কামারগা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তুষার মণ্ডল। উপজেলা ভূমি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন।  
 
এদিকে বহিষ্কৃত পাঁচ শিক্ষক হলেন- মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কফিলউদ্দীন, ইলামদহী নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হোসনে আরা, পারিশো দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একরামুল হক, বনকিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম ও কামারগা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উৎপল কুমার সাহা। তাদের বহিষ্কার করেন কেন্দ্র সচিব আলতাব হোসেন।
 
কেন্দ্র সচিব সংবাদিকদের জানান, এই পাঁচ শিক্ষক কোনো পরীক্ষার কেন্দ্রে থাকতে পারবেন না। এ বিষয়ে তদন্ত কমিটি গঠিন করা হবে।
 
স্থানীয়রা জানায়, তিনজন পরীক্ষা হলের জানালায় দাঁড়িয়ে প্রশ্নপত্রের ছবি উঠাচ্ছিল। এসময় স্থানীয়রা তাদের আটক করে তানোর থানায় খবর দেয়। পুলিশ তাদের আটক করে। পরে ভূমি কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে একমাসের কারাদণ্ড দেন। তানোর থানার ওসি রেজাউল করিম জানান, দণ্ডিত শিক্ষার্থীদের জেলহাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি