নির্বিঘ্ন ট্রেন চলাচল এবং দূর্ঘটনা এড়াতে জামালপুরে রেলের জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। সোমবার জামালপুর পৌর শহরের গেইটপাড় এলাকা থেকে ৫ কিলোমিটার এলাকায় জুড়ে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। প্রথমদিন প্রায় দেড় শতাধিক কাঁচা আধাপাকা ঘর-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
রেল কর্মকর্তারা জানান, জামালপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে দেওয়ানগঞ্জ এবং জামালপুর-তারাকান্দি রেল সেকশনের প্রাথমিক ভাবে ৫ কিলোমিটার পর্যন্ত রেল পথের দু’পাশ পরিস্কার রাখতে এই অভিযান চালানো হচ্ছে। তারা আরো জানান পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্যট মো: মেহেদী হাসান, এসময় উপস্থিত ছিলেন, বাংলাদশে রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী, জামালপুর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী মো: আবরার হোসেন ও রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
অভিযান চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতয়েন করা হয়।
অবৈধ দখলদারদের অভিযোগ, রেলের ভূ-সম্পত্তি বিভাগের সার্ভেয়ার জামালপুরের কর্মচারী আব্দুল কাইয়ুম। তিনি তাদের কাছ থেকে বিগত দিনে ৫০ হাজার থেকে ২ লাখ টাকা করে উৎকোচ নিয়ে এসব জমি বরাদ্দ দিয়েছেন।
রেলওয়ের ভূসম্পত্তি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, নির্বিঘ্নে রেল চলাচলের জন্য রেল লাইনের দু’পাশের জায়গায় উচ্ছেদ অভিযান শুরু করেছি। শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/নূহু