নির্বাচন পর্যবেক্ষণে ‘পর্যবেক্ষক সংস্থা’ নিবন্ধনের জন্য আবেদনের আজ মঙ্গলবার শেষ দিন। গতকাল বিকাল চারটা পর্যন্ত নির্বাচন কমিশনে এ বিষয়ে ৪০টি সংস্থার আবেদন জমা হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা ছিল ১২০টি।
এসব সংস্থা ২০১১ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে এবং ওই নিবন্ধনের মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত। কমিশন নতুন করে নিবন্ধন দেওয়ার জন্য আগ্রহী সংস্থাসমূহের কাছে গত ২৩ অক্টোবর দরখাস্ত আহ্বান করে। এছাড়া এ বিষয়ে আগের নীতিমালা সংশোধন করে গত ২৬ সেপ্টেম্বর নতুন নীতিমালাও প্রণয়ন করা হয়েছে।
এ নীতিমালা অনুসারে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে এবং যাদের নিবন্ধিত গঠনতন্ত্রের মধ্যে এইসব বিষয়সহ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নাগরিকদের মধ্যে তথ্য প্রচার ও উদ্বুদ্ধ করণের অঙ্গীকার রয়েছে, শুধুমাত্র সেইসব বেসরকারি সংস্থাই নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে পারবে।
নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করা সময়ের মধ্যে কোন নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী ব্যক্তির সংস্থা এর যোগ্য হবে না।
ইত্তেফাক/আনিসুর