নভেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নভেম্বরেই পাকিস্তান সফরের কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। এই সফরের মাধ্যমে শ্রীলঙ্কার বিপক্ষে লাহোরে একটি ম্যাচ খেলার পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফেরাতে এটি হতো একটি বড় অগ্রগতি। কিন্তু সেই সফর আপাতত হচ্ছে না বলেই নিশ্চিত করেছেন পিসিবির একজন কর্মকর্তা।
 
তবে কি কারণে সিরিজ বাতিল হচ্ছে সে বিষয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের বেশিরভাগ সদস্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা নিয়ে ব্যস্ত থাকায় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজটি বাতিল হচ্ছে বলে জানা গেছে। পিসিবির এক কর্মকর্তা বলেন, পিসিবি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড একমত হয়ে নভেম্বরে সফরসূচি নির্ধারণ করেছিল। তবে কিছু সমস্যার কারণে সেটা হচ্ছে না।
 
তবে বাতিল হওয়া এই সিরিজ কতদিনের মধ্যে হতে পারে সেটা জানাতে পারেননি ওই কর্মকর্তা। তিনি জানান, দুটি বোর্ড একসঙ্গে বসে পরবর্তীতে সফরসূচি নির্ধারণ করবে। আগামী বছর মার্চের পরে হতে পারে এই সিরিজ।-ডন।
 
ইত্তেফাক/কেআই