আল্টিমেটাম শেষে বদলে গেলেন ভিপি নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের কথার রকমফের এবং সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা-সমালোচনা। নির্বাচনের আগে ও পরের নুরকে নানা আঙ্গিকে বিশ্লেষণ করছেন ছাত্রছাত্রীরা। ১১ মার্চ ভোটের পরে ডাকসুর ফল প্রত্যাখ্যান করে ৩১ মার্চের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার জন্য আল্টিমেটাম, পরে আবার সেই আল্টিমেটাম প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণার পর আবার প্রত্যাহার,গণভবনে গিয়ে ‘নির্বাচনে কিছু ভুলত্রুটি ছিল, ভবিষ্যতের নির্বাচনে যেন আর ভুলত্রুটি না হয়’-বক্তব্য প্রদান এবং এর কয়েকদিন পরে ক্যাম্পাসে এসে ছাত্র-ছাত্রীদের ক্ষোভের মুখে আবারো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ও দ্রুত নতুন নির্বাচনের দাবি জানিয়ে বিতর্কের সৃষ্টি করেন নুরুল হক।

সর্বশেষ গত ২ এপ্রিল    ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে নুরুল হক নুরসহ অন্য নেতাকর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় বিচার দাবিতে আন্দোলনের ঘোষণা দেন নুর। পরে গত বুধবার ভিসির ব্যবস্থা নেওয়ার আশ্বাসে গত সোমবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেন নুরুল হক। তবে বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও ডাকসু ভিপি নতুন কোনো কর্মসূচির কথা জানাননি। আবার বদলে গেছেন নুর। উপাচার্যের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে অবশ্য তিনি বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার না পেলেন কঠোর কর্মসূচিতে যাবেন।

এ বিষয়ে ভিপি নুরুল হক নুর ইত্তেফাককে বলেন, সোমবার সময় শেষ হয়েছে। এ বিষয়ে আপডেট জানার জন্য আমরা ভিসি স্যারের সঙ্গে কথা বলেছি। উনার সঙ্গে দেখা করার পর স্যার আমাদের বলেছেন, এসএম হলের ঘটনায় তদন্ত কমিটি তাদের কাজ চলমান রেখেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি আমাদের কাছে এক সপ্তাহ সময় নিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। উপাচার্যের আশ্বাসে আস্থা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তিনি, তাই আমরা আস্থা রাখতে চাই। তবে নির্দিষ্ট সময়ের পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন কর্মসূচিতে যাব।

এদিকে ঘটনার তদন্তে গত ২ এপ্রিল গঠিত চার সদস্যের কমিটি কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। তিনি বলেন, তদন্তের কাজ পুরোদমে শুরু করেছি। ঘটনাটি একটু জটিল। অনেক গভীরভাবে আমাদের কাজ করতে হচ্ছে।

৭ দিন সময় নিলেন ভিসি

আমাদের বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, গতকাল মঙ্গলবার নুরসহ কয়েকজন নেতা এস এম হলের ২ এপ্রিলের ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাসের হালনাগাদ তথ্যর জন্য ভিসি ড. আখতারুজ্জামানের সঙ্গে তার অফিসে দেখা করেন। এসময় আখতারুজ্জামান তাঁদের কাছ থেকে তদন্ত প্রক্রিয়া শেষ করতে আরো সাত দিন সময় চান। এ সময় নুরুলের সঙ্গে ছিলেন এস এম হলের ২ এপ্রিলের ঘটনায় আক্রান্ত ছাত্র ফেডারেশন থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা উম্মে হাবিবা ও স্বতন্ত্র জোট থেকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা অরণি সেমন্তি খান। তাঁদের সঙ্গে যান স্বতন্ত্র জোট থেকে ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচন করা চয়ন বড়ুয়া ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী।