কোহলিকে না পেয়ে ‘ভাগ্যবান’ শোয়েব

শোয়েব আখতারের নাম শুনলেই যে কোন ব্যাটসম্যানেরই শুরু হতো হাঁটু কাপাকাপি। আর সেই শোয়েব আখতার কি সমীহ করেই না বললেন কোহলির কথা। ভারতীয় অধিনায়কের সামনে বল করতে হয়নি বলে নিজেকে সৌভাগ্যবানই মনে করছেন তিনি।
 
প্রশংসার এই শুরুটা অবশ্য কোহলির দিক থেকেই হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে একই ম্যাচে শোয়েবের সঙ্গে কোহলির দেখা হয়েছে মাত্র একবার। সে ম্যাচেও শোয়েবের বল মোকাবেলা করতে হয়নি কোহলিকে। শোয়েব আখতারের প্রথম স্পেলের পর নামা কোহলি দ্বিতীয় স্পেলের আগেই সেদিন ফিরে যান সাজঘরে।
 
শোয়েবের বোলিং নিয়ে কোহলি বলেন, ‘আমি কখনো শোয়েব আখতারের মুখোমুখি হইনি। কিন্তু ডাম্বুলায় একবার তাঁকে বোলিং করতে দেখেছি। আমি আউট হয়ে গিয়েছিলাম, তাই তাঁকে খেলতে হয়নি। তবে তাঁকে বল করতে দেখেছি এবং ক্যারিয়ারের শেষভাগেও তাঁকে ভয়ংকর মনে হচ্ছিল। তখন মনে হয়েছিল, সেরা সময়ে কোনো ব্যাটসম্যানই তাঁর মুখোমুখি হতে চাইত না।’
 
এই বক্তব্যের জবাবে এবার শোয়েবও কম গেলেন না। কোহলিকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘আমার ভাগ্য ভালো, কোহলির ব্যাটিংয়ের সময় বল করতে হয়নি। ঠাট্টা না করে যদি বলি, সে অসাধারণ ব্যাটসম্যান। ওর বিপক্ষে বল করতে পারলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হতো।’
 
ইত্তেফাক/কেআই