সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ জোনাব বাহিনীর নান্নু মোল্যা নিহত

 
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খালে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু জোনাব বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নান্নু মোল্লা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সুন্দরবন শ্যামনগর উপজেলার চুনকুড়ি খালে এ ঘটনা ঘটে। এ সময় সেখান থেকে পাঁচটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।
 
র‌্যাব-৬ এর ডিএডি মাহবুবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অভিযানে গেলে বনদুস্য জোনাব বাহিনীর সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে নান্নু মোল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। পরে তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় সেখান থেকে তিনটি পাইপ গান, একটি এক নালা বন্দুক ও একটি থ্রি নট থ্রি বন্দুক ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
 
এদিকে, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে বনদস্যু নান্নু মোল্যা মারা গেছেন বলে জানিয়েছেন শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী।
 

ইত্তেফাক/এএম।