ধলেশ্বরীতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রী সুমী আক্তারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ধলেশ্বরী নদীতে লাশ ভাসতে দেখে স্বজনরা তা উদ্ধার করে পুলিশে খবর দেন। সুমী উপজেলার খাসমহল বালুচর গ্রামের হযরত আলীর মেয়ে এবং খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
 
এর আগে সোমবার বিকাল ৪ টার দিকে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় সুমী। এ সময় নদীর স্রোতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সে। 
 
সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান, বিষয়টি সোমবার জানতে পেরে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠাই। কিন্তু সুমীর সন্ধান মেলেনি। মঙ্গলবার নদীতে লাশ ভেসে উঠলে আত্মীয় স্বজনদের আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তানান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে