রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় একটি বাসা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম মো. রাসেল (৩০)। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। স্বজনরা জানিয়েছেন, রাসেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রাসেলের মা নার্গিস বেগম জানান, রাসেল ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন এবং সতীশ সরকার লেনের চারতলা বাসার তৃতীয় তলায় স্ত্রী কাকলীকে নিয়ে থাকতেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্ত্রী বাসার নিচে যান। আধাঘণ্টা পর ফিরে দেখেন রাসেল ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে স্বজনরা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নার্গিস বেগম আরও জানান, রাসেল স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করতে পারে বলে তারা ধারণা করছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রাসেলের মরদেহ কলেজ মর্গে রয়েছে। পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ইত্তেফাক/এমআই