মাগুরায় জিংক সমৃদ্ধ ব্রি-ধান চাষে সাফল্য

 
মানব শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিংক সমৃদ্ধ ধানের চাষ করে মাগুরায় সাফল্য পেয়েছেন কৃষকরা। এ ধানে ৪-৫ ভাগ পরিমান জিংক আছে। যা গর্ভবতী মা ও বাচ্চাদের ক্ষেত্রে বেশি দরকারি। গর্ভবতী মায়েরা এ চালের ভাত খেলে বাচ্চা খর্বাকায় ও প্রতিবন্ধীতা থেকে রক্ষা পাবে। মঙ্গলবার মাগুরা সদর উপজেলার আঙ্গারদহ গ্রামে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৬২ ও ৭২ এর মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান বক্তারা। 
 
কৃষি অফিস সূত্র জানায়, এ বছর জেলায় প্রদর্শনী আকারে ৮৫৯ হেক্টর জমিতে এ দুই জাতের ধান আবাদ করা হয়েছে। যেখান থেকে অন্তত ৩৬১০ মেট্রিক টন জিংক সমৃদ্ধ ধান উৎপাদন হবে। এ ধানের চাল সুস্বাদু ও অধিক ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এর চাহিদা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। অন্যদিকে বাজারে এ ধানের দামও বেশি পাওয়া যাবে। আগামীতে কৃষকরা অধিকহারে এ ধান আবাদ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা। 
 
সেচ্ছাসেবী সংস্থা সিও এর আয়োজনে হার্ভেস্ট প্লাস ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণের সহযোগীতায় স্থানীয় কৃষক রমেশ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা। 
 
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, বৈজ্ঞানিক কৃষি কর্মকর্তা জয়দেব কর্মকার, সিও এনজিও এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান। পরে অতিথিরা জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭২ এর মাঠ পরিদর্শন ও কর্তন করেন।
 
ইত্তেফাক/আরকেজি