চট্টগ্রামের বাঁশখালীতে ব্র্যাকের স্বাস্থ্যকর্মী তিন সন্তানের জননীকে গণধর্ষণের মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের সাজা হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। রায়ে যাদের সাজা কমেছে তারা হলেন- আসামি মো. শফি আলম, মো. কালু ও আবুল হোসেন। এদের মধ্যে কালু পলাতক রয়েছেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী আব্দুল কাদের ভুঁইয়া ও মমতাজ বেগম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ শুনানি করেন।
মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ জলদি এলাকায় ব্র্যাকের স্বাস্থ্য সেবিকা ২০০৫ সালের ১২ জুন গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওইবছর ১৪ জুন তিনজনকে আসামি করে মামলা করেন তিনি। ২০১৫ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের নারী শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল-১ তিনজনকে মৃত্যুদণ্ড দেয়। পরে মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। পাশাপাশি কারাবন্দি দুই আসামি আপিল করেন। মঙ্গলবার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত রায় দেয়।
ইত্তেফাক/এমআই