প্রিয়তম স্বামীকে দীর্ঘচেষ্টায়ও মাদকের রাস্তা থেকে সুপথে ফেরাতে ব্যর্থ হয়েছেন স্ত্রী। কোন উপায়ান্তর না দেখে অবশেষে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দিলেন স্বামীকে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সওড়াবাড়ীয়া গ্রামে।
আটক মাদকাসক্ত স্বামীর নাম ভাষা মণ্ডল (৩৫)। সে ওই গ্রামের মৃত আনছার মণ্ডলের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভাষা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। একাধিকবার আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়ে জেল খাটলেও তার স্বভাবে কোন পরিবর্তন হয়নি। এ নিয়ে তার পারিবারিক কলহ লেগেই থাকতো।
এক পর্যায়ে অতিষ্ট হয়ে মঙ্গলবার ভাষার স্ত্রী রাশেদা খাতুন মিরপুর থানার আহাম্মদপুর পুলিশ ক্যাম্পে সংবাদ দেন। ক্যাম্প ইনচার্জ এস আই মাজহারুল ইসলাম সংবাদ পেয়ে ভাষার বাড়িতে আসেন। ভাষাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভাষা তার ঘরের বেড়ায় রক্ষিত ব্যাগের ভিতর ৫ পুরিয়া গাঁজা রয়েছে বলে জানায়। পুলিশ সেগুলি উদ্ধার করে।
পরে ভাষাকে ভ্রামামান আদালতের সামনে হাজির করা হয়। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুবর্ণা রাণী সাহা ভাষাকে গাঁজা সেবন ও নিজ দখলে ৫ পুরিয়া গাঁজা রাখার অপরাধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১০ ধারামতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
ইত্তেফাক/নূহু