সাড়ে চার বছর অতিবাহিত হলেও মেহেরপুরের নির্মাণাধীন বাস টার্মিনালের নির্মাণ কাজ শেষ হয়নি। এতে একদিকে শহরে যেমন যানজট বৃদ্ধি পাচ্ছে; তেমনি একের পর এক দুর্ঘটনা ঘটছে।
জানা যায়, বর্তমানে মেহেরপুর জেলায় দূরপাল্লার পরিবহন ৬০টি এবং লোকাল বাসের সংখ্যা ৮০টি। এ ছাড়াও চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা বাস মালিকদের লোকাল বাসের পাশাপাশি বিভিন্ন জেলার মালিকদের পরিবহন মেহেরপুরে আসা-যাওয়া করে। মেহেরপুরে বাস টার্মিনাল না থাকায় এতগুলো বাস শহরের জন গুরুত্বপূর্ণ রাস্তার ওপর ও যত্রতত্র রাখায় অহরহ ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। তাই মেহেরপুরের নির্মাণাধীন বাস টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত শেষ হওয়া জরুরি মনে করেন তারা।
মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মো. গোলাম রসুল বলেন, মেহেরপুরের জন্য বাস টার্মিনাল খুবই জরুরি। এটা মালিক-শ্রমিকদের কাছে যতটা গুরুত্বপূর্ণ পৌর কর্তৃপক্ষ ততটা মনে করছে না। আমরা জেলা সমন্বয় কমিটির সভায় এ বিষয়টি তুলে ধরেছি। কোনো কাজ হয়নি। তিনি অভিযোগ করেন পৌরসভা অপ্রয়োজনীয় গেট নির্মাণে লাখ লাখ টাকা খরচ করছে। অথচ বাস টার্মিনাল নির্মাণ প্রায় পাঁচ বছর ঝুলে রয়েছে। সেদিকে পৌর কর্তৃপক্ষের খেয়াল নেই। তিনি আরো বলেন, তার জানা মতে বাস টার্মিনাল নির্মাণ কাজের জন্য এমপি প্রফেসর ফরহাদ হোসেনের মাধ্যমে সরকার ৫০ লাখ টাকা মেহেরপুর পৌর কর্তৃপক্ষকে দিয়েছে। সে টাকার একটি টাকাও বাস টার্মিনালের জন্য খরচ করা হয়নি।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা বলেন, প্রায় এক বিঘা জমির ওপর যুগযুগ ধরে মেহেরপুরের বাসস্ট্যান্ড হিসেবে কাজ চলছে। এতটুকু জায়গার ওপর মেহেরপুর মালিকদের প্রায় দেড়শ’ গাড়িসহ বাইরের জেলার মালিকদের আসা বাস পার্কিং করা সম্ভব হয় না। মেহেরপুরে বাস টার্মিনাল না থাকায় শ্রমিকরা কষ্টের মধ্যে আছে। রাস্তার ওপরসহ জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে বাস রাখতে হয়। এতে প্রশাসনসহ অনেকে আপত্তি করেন। ছোট-বড় দুর্ঘটনার জন্য মোটর শ্রমিকদের দায়ী করা হয়। তাই বাস টার্মিনাল মোটর শ্রমিকদের দীর্ঘ দিনের দাবি। প্রায় ৭ বছর আগে মেহেরপুরে বাস টার্মিনাল নির্মাণের কাজ শুরু হলেও কাজ বন্ধ থাকায় তা আজো শেষ হয়নি।
মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. মোতাচ্ছিম বিল্লাহ মতু জানান, আর্থিক সংকটের কারণে বাস টার্মিনাল নির্মাণের বাকি কাজ ঝুলে ছিল। অর্থ সংগ্রহে অনেক স্থানে ধরনা দেওয়া ও লেখালেখি করা হয়েছে। টাকার সংস্থান হতে চলেছে। ইতোমধ্যে টেন্ডার হয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজের আদেশ দেওয়া হয়েছে।
বর্তমান পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জানান, আশা করা যায় অল্প সময়ের মধ্যে মেহেরপুরের নির্মাণাধীন বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে।
ইত্তেফাক/নূহু