মজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান

কুমিল্লার তিতাস উপজেলার মজিতপুর ইউনিয়নের মজিতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরোনো জরাজীর্ণ ভবনে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান এবং পাঠগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মজিতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ১৯৯৫ সালে নির্মাণ করা হলে কয়েক বছর পূর্বেই তা জরাজীর্ণ অবস্থায় পতিত হয়। এই ভবনের ছাদে ফাটল এবং ভীমের পলেস্তারা ভেঙে রড বেড়িয়ে গেছে। পাঠদান কার্যক্রম চলাকালে পলেস্তারা খসে খসে ছাত্র-ছাত্রীদের মাথায় পড়ছে।

শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের ছাদে রয়েছে ফাটল। নতুন ভবনে ছাত্র-ছাত্রী সংকুলান হচ্ছে না বিধায় এ বিদ্যালয়ে কর্তৃপক্ষ জীবনের ঝুঁকি নিয়েই এই ভবনে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোনো সীমানাপ্রাচীর না থাকায় বিদ্যালয়টির মাঠ চলে যাচ্ছে সিএনজি স্টেশনের দখলে।

অন্যদিকে বিদ্যালয়টির আরেক অংশে রয়েছে বহিরাগতদের ক্যারাম খেলার আসর। যা বিদ্যালয়ের পরিবেশের সম্পূর্ণ পরিপন্থি বলে মনে করেছেন এলাকার সাধারণ জনগণ।

মজিতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমিজ উদ্দীন এবং শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থার বিবরণ এবং ছবি দিয়ে উপজেলা শিক্ষা অফিস এবং এলজিইডিকে জানানো হয়েছে। বরাদ্দ না আসায় একান্ত বাধ্য হয়ে এই ভবনে পাঠদান এবং পাঠগ্রহণ কর্যক্রম চালিয়ে নিতে হচ্ছে।

তিতাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, প্রধান শিক্ষক থেকে বিবরণ পেয়ে তা  জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনলাইনে প্রেরণ করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ভবন মঞ্জুর হবে বলে আমরা আশা করছি।

ইত্তেফাক/নূহু