নভেম্বরের পর রিটার্ন দাখিলে জরিমানা: নজিবুর রহমান

 
এবারের আয়কর মেলায় করদাতা ও আয়কর বিষয়ে সেবাগ্রহীতাদের ব্যাপক সাড়ায় সন্তুষ্ট মেলার আয়োজক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল শেষ দিনে রাজধানীর আগারগাঁওয়ের আয়কর মেলা প্রাঙ্গণে করদাতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাত দশটায় পর্যন্ত মেলা প্রাঙ্গণে গিয়ে রিটার্ন দাখিল করতে দেখা গেছে করদাতাদের। তবে এর পরও বিশালসংখ্যক করদাতা এখনো রিটার্ন দাখিল করেন নি। তারা কর অফিসে গিয়ে রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে।
 
এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানিয়েছেন, পুরো নভেম্বর জুড়েই আয়কর মেলার মত উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন জমা দেওয়াসহ অন্যান্য কাজ সমাধা করতে পারবেন করদাতারা। এ ক্ষেত্রে এনবিআরের সংশ্লিষ্ট কর অফিসগুলো প্রস্তুত রয়েছে। এছাড়া নভেম্বরের শেষ সপ্তাহে - অর্থাৎ ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী আয়কর সপ্তাহ পালন করা হবে। ওই সময়ও করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন। তবে শেষ সময়ের ভিড় এড়াতে আগে-ভাগেই রিটার্ন দাখিল করা উত্তম।
 
আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার ট্যাক্স ডে হিসেবে পালন করা হবে। গত বছর থেকে মাসের শেষ দিনটি আয়কর দিবস হিসেবে পালন করা হচ্ছে। ওই দিনই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে নভেম্বরের শেষ দিনটি বন্ধের দিন হলে পরবর্তী অফিস খোলার দিন ট্যাক্স ডে হিসেবে পালন করা হবে। এর পর আয়কর রিটার্ন জমা দিতে হলে প্রযোজ্য করের উপর প্রতি মাসে দুই শতাংশ হিসেবে জরিমানা গুণতে হবে।
 
গতকাল আয়কর মেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সাধারণ করদাতাদের মোট আয় দুই লাখ টাকার নিচে হলে কর প্রদান করতে হয়না। মহিলা ও ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধার করমুক্ত আয়ের সীমা সোয়া চার লাখ টাকা। এর উপরে গেরে আয়কর দিতে হবে। সাধারণ করদাতাদের ক্ষেত্রে আড়াই লাখ টাকার উপরে চার লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর ১০ শতাংশ। পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কর ১৫ শতাংশ, পরবর্তী ৬ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর করহার ২০ শতাংশ, পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ২০ শতাংশ এবং এর পরবর্তী যে কোন পরিমাণ আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ কর দিতে হবে। অর্থাৎ বছরে কারো মোট আয় সাড়ে ৪৭ লাখ টাকার বেশি হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।
 
ইত্তেফাক/এমআর