দেলদুয়ারে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্যানিটারি প্যাড ও টিফিনবক্স বিতরণ

 
টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্যানিটারি প্যাড ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন এ সমস্ত উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) থেকে গৃহীত প্রকল্প ও দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিটি থেকে একজন করে মোট ৪০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীকে বাইসাইকেল, ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৭১০ জন শিক্ষার্থীকে টিফিনবক্স এবং সাতটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫৫০ জন ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট প্রদান করা হয়েছে।
 
এর আগে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদত হোসেন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মাহবুব আলম পিপিএম, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকতারুন নেছা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেলদুয়ার সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু, আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, পাথরাইল ইউপি চেয়ারম্যান হানিফুজ্জামন লিটন, দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান খান প্রমুখ। দেলদুয়ারকে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করার জন্য সবাই একমত পোষণ করেন।
 

ইত্তেফাক/এএম।