বাগেরহাটে জমি নিয়ে বিরোধ, যুবকের মৃত্যু

 
বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে পল্লব বসু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত পল্লব বসু বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের মৃত স্বপন বসুর ছেলে। নিহতের বড় ভাই লিপন কুমার বসু বলেন, আফরা গ্রামে আমাদের ভোগদখলীয় একটি জমি নিয়ে একই এলাকার ছামাদ মোড়েলের সাথে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার বিকেলে আমার ভাই পল্লব বসু ওই জমিতে কাজ করতে যায়। এসময় আজম মোড়ল, আজাদ মোড়ল ও তাদের পিতা ছামাদ মোড়ল ঘটনাস্থলে গিয়ে পল্লবের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
 
তিনি আরও বলেন, 'এক পর্যায়ে তারা পল্লবের হাতে থাকা লোহার শাবল (কৃষি যন্ত্র) ছিনিয়ে নিয়ে তার মাথায় আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার কাকা বৃদ্ধ অরুন বসু তাকে উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা। পরে পল্লবকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল, সেখান থেকে খুলনা এবং অবস্থার অবনতি হলে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারের পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়।'
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, নিহতের স্বজনদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/জামান