রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আরএমইউ) ভিসি প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, চিকিৎসা সেক্টরে পরিপূর্ণভাবে একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সনাতন পদ্ধতির পরিবর্তে ক্রেডিট সিস্টেম এবং সিজিপিএ পদ্ধতি চালু করা হবে। বাংলাদেশের মেডিকেল শিক্ষায় জেরিয়াটিকস মেডিসিন সার্জারি, পেলিয়াটিভ কেয়ার, মেডিকেল ইনফরমেটিকস ইত্যাদি আন্তর্জাতিক মানের উচ্চতর কোর্স নেই, এখানে এসব কোর্সে উচ্চতর শিক্ষাদান চালু করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি টিএসসিসি এবং ৩টি আন্তর্জাতিক মানের স্বতন্ত্র মিলনায়তন থাকবে। এ বিশ্ববিদ্যালয় হবে মেধাবী ও স্বচ্ছচিন্তধারী গবেষকদের জন্য। আন্তর্জাতিক মানের নার্স তৈরির জন্য ক্যাম্পাসে একটি নার্সিং ইনস্টিটিউট এবং ১হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল থাকবে।
বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) অডিটরিয়ামে ‘কেমন মেডিকেল বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক রাজশাহীর সরকারি-বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাগত বক্তব্যে রমেক অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হাবিব বলেন, মেডিকেল শিক্ষার্থীদের ক্যারিয়ার প্ল্যান থাকতে হবে। ক্যারিয়ার প্ল্যান থাকলে শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার সুযোগ থাকে না।
এদিকে একই বিষয়ে দুপুরে আরএমইউয়ের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে ভিসি রমেক হাসপাতালে কর্মরত ইন্টার্নী চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।
সভায় বক্তব্য রাখেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মির্জা কামাল হোসেন, সাধারণ সম্পাদক ডা. লুৎফর রহমান প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি