বগুড়ায় ১১ হাজার মণ পাট পুড়ে ছাই

 
বগুড়ায় একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ১১ হাজার মণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। সদর উপজেলার মানিকচক বাজারে অবস্থিত খন্দকার জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক মো. শাহাদৎ হোসেন সাজু। 
 
বুধবার সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দমকল বাহিনীর ৪টি ইউনিট ২ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
শাহাদৎ হোসেন সাজু জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসতে অনেক দেরি হয়ে যায়। এরফলে গুদামে রক্ষিত প্রায় ১১হাজার মণ পাট আগুনে পুড়ে গেছে। এতে ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
 
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, আগুনের  সংবাদ পাওয়ার সাথে সাথেই বগুড়া সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাবতলী উপজেলার একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতির সঠিক হিসেব এখনই বলা সম্ভব নয়।
 
ইত্তেফাক/আরকেজি