রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নারায়ণগঞ্জ শহরের টানবাজারের রাসায়নিক গুদাম অপসারণে ১০ দিন সময় দিয়েছিল জেলা প্রশাসন। দেড় মাস পেরিয়ে গেলেও সরেনি রাসায়নিক গুদাম। এমনকি গুদামগুলো অপসারণে নেই কোনো তোড়জোড়ও। টানবাজারে রয়েছে অন্তত দুই শতাধিক রাসায়নিক বিক্রির প্রতিষ্ঠান। রয়েছে বিভিন্ন রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম। অনেক ভবনের নিচ তলায় রাসায়নিক গুদাম আর উপরের তলায় রয়েছে মানুষের বসবাস। নিয়ম না মেনে এক ভবনের সঙ্গে অন্য ভবন ঘেঁষে গড়ে উঠেছে এখানকার বহুতল ভবনগুলো। ফলে অনেকটা ঝুঁকি নিয়ে বসবাস ও ব্যবসায়িক কার্যক্রম চলছে টানবাজারে।
জানা গেছে, ১৯১৬ সালে টানবাজার হংস হোসিয়ারী নামে নারায়ণগঞ্জে প্রথম হোসিয়ারী কারখানা স্থাপিত হয়। তারপর পিরামিড, প্যারামাউন্ট নামে আরো কয়েকটি হোসিয়ারী কারখানা গড়ে ওঠে। পঞ্চাশ দশকে নারায়ণগঞ্জে হোসিয়ারী শিল্পের ব্যাপক প্রসার ঘটে। তত্কালীন সময়ে ভূ-গর্ভস্থ পানিতে আয়রন ও খনিজ পদার্থের ভাগ কম থাকা, স্থানীয় ঢাকেশ্বরী, লক্ষ্মীনারায়ণ, চিত্তরঞ্জন কটন মিল ইত্যাদি সুতার মিল নারায়ণগঞ্জে অবস্থিত হওয়ায় টানবাজারকে কেন্দ্র করে গড়ে উঠে বৃহত্ সুতার বাজার। এদিকে টানাবাজারে সুতার বাজারের পাশাপাশি এখানে গড়ে উঠে রং ও রাসায়নিকের অসংখ্য দোকানও। বিশেষ করে হোসিয়ারী শিল্পকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে গার্মেন্ট শিল্পের প্রসার লাভ করায় অনেক সুতা ব্যবসায়ী পরবর্তীকালে রং ও রাসায়নিকের ব্যবসায় ঝোঁকেন।
টানবাজার এলাকায় নিয়ম-বহির্ভূতভাবে নির্মিত বেশিরভাগ বহুতল ভবনে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রতিটি ভবনের দ্বিতীয় তলা থেকে আবাসিক হিসেবে ব্যবহার করা হলেও নিচ তলা ব্যবহার হচ্ছে রং ও সুতার গুদাম হিসেবে। তবে কিছু গুদামে সুতা মজুদ করা হলেও বেশির ভাগ গুদামে রাখা হচ্ছে বিপজ্জনক সব দাহ্য পদার্থ আর রাসায়নিক সামগ্রী। এসব কারণে আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। তারা জানান, এখানে আগুন লাগলে সরু গলির কারণে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে। আর এতে আগুন ছড়িয়ে পড়বে বিশাল এলাকায়। এতে আবাসিক এলাকায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জন নিহতের পর গণমাধ্যমে শহরের টানবাজারের রাসায়নিক ব্যবসার বর্তমান অবস্থা নিয়ে সংবাদ প্রকাশিত হবার পর নড়েচড়ে বসে প্রশাসন। ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে টানবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।