আগামী ডিসেম্বরে রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন পাবনা অঞ্চল আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
আমিন উদ্দিন বলেন, বিড়ির ওপর ট্যাক্স কমাতে হবে এবং শ্রমিকদের মজুরি বাড়াতে হবে। সরকার বারবার বিড়ি শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা করার আশ্বাস দিলেও তার কোন বাস্তবায়ন হয়নি। একটি মহল বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে। আর এই ষড়যন্ত্র রুখতে আগামী ডিসেম্বরে দেশের সকল বিড়ি শ্রমিকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ করা হবে।
তিনি আরো বলেন, বেশি ট্যাক্স হওয়ায় শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এটা কখনো হতে পারে না। বিড়ি শিল্প রক্ষায় কঠোর আন্দোলনে যেতে হবে।
IMG0
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বিড়ি শিল্প ধ্বংস করে সিগারেটকে বাজার দখলে সহায়তা করছে এনবিআর। বিড়ির ওপর কেন এতো ট্যাক্স বসাতে হবে। যেখানে দেশীয় শিল্প রক্ষায় সরকার এগিয়ে আসবে সেখানে বিড়ি শিল্পকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম, হায়দার আলী, আবুল কালাম আজাদ, পাবনা বাংলা বিড়ির ম্যানেজার শহিদুল্লাহ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি