সোহরাওয়ার্দীতে বিএনপিকে সমাবেশ করার মৌখিক অনুমতি ডিএমপির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের এ তথ্য জানান।
 
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে আয়োজিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কীভাবে জনসভা শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করা যায়, তা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।
 
সরকার সব সময় বলে থাকে, তারা গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয় না। এমনকি গতকাল তাদের একজন নেতা বলেছেন যে, এ ধরনের সমাবেশে তাঁদের কোনো বাধা নেই। আমরা আশা করব, তাঁদের কথাগুলো সত্যি হবে এবং সরকার সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, হারুনুর রশীদ হারুন, খায়রুল কবীর খোকন প্রমুখ।
 
উল্লেখ্য, প্রতি বছর ৭ই নভেম্বর বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। এর ধারবাহিকতায় মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। তবে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের সাধারণ সভা ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় দলটি সমাবেশের তারিখ পিছিয়ে ১১ই নভেম্বর এবং পরে ১২ই নভেম্বর ঠিক করে।
 
ইত্তেফাক/এমআই