গত ১২ ফেব্রুয়ারি রূপগঞ্জের কেয়ারিয়া এলাকায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় ভণ্ড কবিরাজ ধর্ষক লালচাঁন বাবুকে র্যাব-১ এর সিপিসি-৩ গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে গাজীপুর জেলার বক্তার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার তার মেয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে সিপিসি-৩ এর রূপগঞ্জের পূর্বাচল ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব এ কথা জানায়। সিপিসি-৩ এর মেজর আবদুল্লা আল মেহেদী হাসান ধর্ষকের বরাত দিয়ে বলেন, গত ১২ ফেব্রুয়ারি ঐ গৃহবধূ তার স্বজনদের নিয়ে চিকিত্সার জন্য কেয়ারিয়া এলাকার কবিরাজ লালচাঁনের বাড়িতে আসেন। পরে ভণ্ড কবিরাজ চিকিত্সা করার কথা বলে ঘর থেকে সবাইকে বের করে দেয়। পরে পানির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করে গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনা টের পেয়ে ঐ গৃহবধূর ভাবি চিত্কার করতে থাকলে লম্পট ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। পরে রূপগঞ্জ থানায় মামলা করা হয়। মামলার পর থেকে ধর্ষক লালচাঁন, তার ছেলে ও স্থানীয় প্রভাবশালীরা মামলা তুলে নিতে ধর্ষিতা ও তার স্বজনদের চাপ প্রয়োগ করে। এরপর তারা বিষয়টি র্যাবকে জানায়।