টেকনাফের নাফনদী দিয়ে ৫২ রোহিঙ্গার প্রবেশ নতুন কায়দায়

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার জারিকেন ও বাঁশের তৈরী ভেলায় করে নতুন কায়দায় ৫২জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের শরণার্থী ক্যাম্পে প্রেরণের প্রস্তুতি চলছে।

জানা যায়, ৮ নভেম্বর সকাল ৮টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফনদী পয়েন্ট দিয়ে মিয়ানমারের আকিয়াব জেলার ঢংখালী হতে রোহিঙ্গা বোঝাই ভেলাটি নাফনদীর জালিয়াপাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভেলায় ১৭জন পুরুষ, ১৩জন নারী ও ২২জন শিশু রয়েছে। খবর পেয়ে স্থানীয় ক্যাম্পের বিজিবি জওয়ানেরা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তল্লাশী করে নিজ হেফাজতে নেয়।

স্থানীয় সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ৯নং ওয়ার্ড মেম্বার ফজলুল হক সকালে ভেলায় করে একটি রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর দল অনুপ্রবেশের সত্যতা স্বীকার করেন।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান বলেন, শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে সকালে রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য পেয়েছি। তাদের বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ব্যাপারে স্থানীয় কোস্টগার্ডের নিকট জানতে চাইলে তারা বলে, সাগর পয়েন্টে ভাঙ্গারমুখে কর্তব্যরত থাকায় নাফনদীর জালিয়াপাড়া পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে অবগত নয়। এদিকে বিজিবি হেফাজতে নেওয়া রোহিঙ্গাদের চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়ার পর শরণার্থী ক্যাম্পে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে সুত্র জানায়।

ধারণা করা হচ্ছে, ওপার আর এপারের একটি প্রভাবশালী চক্র মিলে নতুন কৌশলে এদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটিয়ে আর্ন্তজাতিক মহলের সুবিধা আদায়ের পথ খুলে দেওয়ার পাশাপাশি নিজেদের আখের গোছাতে ব্যস্ত।

ইত্তেফাক/নূহু