গরম পানি দিয়ে ঝলসানোর ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রী লতা আক্তারের স্বামী সুজন মিয়াকে সোমবার ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। সুজন পুলিশের কাছে লতার শরীরে গরম পানি ঢেলে দেওয়ার কথা স্বীকার করেছে। মানিকগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) নুর মোহাম্মদ জানান, গত রবিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের আব্দুল বাতেনের ছেলে সুজন মিয়া তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লতা আক্তারের শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে লতা চিত্কার ও কান্না-কাটি শুরু করে। খবর পেয়ে লতার বাবা বিশা খা লতাকে উদ্ধার করে রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় লতার বাবা সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর থানায় সুজনকে অভিযুক্ত করে মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে সুজনকে আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।