দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস রেলসেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় একটি ডেমু ট্রেন দ্বিতীয় ভৈরব রেলসেতু অতিক্রম করার মধ্য দিয়ে ওই সেতু দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নির্মাণ কাজ শেষে দ্বিতীয় ভৈরব রেলসেতুটি গত ৩ নভেম্বর ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগের জন্য এ সেতু দুটি নির্মাণ করা হয়। ভারতীয় লাইন অফ ক্রেডিট (এলওসি)'র অর্থায়ন করে। নিমার্ণে ব্যয় হয় ৭শ' ৮১ কোটি টাকা।
এসময় ভৈরবে রেল সেতুর নিচে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। রেলমন্ত্রী মো. মুজিবুল হক ঢাকা, কলকাতা ও দিল্লীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন কার্যক্রম চালান। রেলওয়ে বিভাগ আয়োজিত ওই সুধী সমাবেশে বক্তৃতা করেন রেলমন্ত্রী, সেতু ২টির প্রকল্প পরিচালক আব্দুল হাই ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। ভিডিও কনফারেন্সের সময় সুধী সমাবেশে উপস্থিত ভৈরববাসী সেতুর নামকরণ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের নামে করার দাবী স্লোগান দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং ভৈরবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার আশ্বাস দেন।
ইত্তেফাক/জামান