৪০তম বিসিএসে রোভার স্কাউটরা শ্রুতিলেখকের ভূমিকায় থাকবেন

প্রথমবারের মতো বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় নিজস্ব শ্রুতিলেখক দিচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রশিক্ষণপ্রাপ্ত রোভার স্কাউটরা ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় শ্রুতিলেখকের ভূমিকায় থাকবেন। এজন্য প্রতি শ্রুতিলেখককে বিশেষ সম্মানীও দেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আইম নেছারউদ্দীন ইত্তেফাককে বলেন, এবারই প্রথমবারের মতো শ্রুতিলেখক দিবে পিএসসি। কেননা দৃষ্টিপ্রতিবন্ধীরা যে শ্রুতিলেখক নিয়ে আসবেন, তিনি অনেক ক্ষেত্রে অভিজ্ঞ হন। দেখা যায় গণিতে বা ইংরেজিতে স্নাতক অধ্যয়নরত হন শ্রুতিলেখকরা। এতে বাড়তি সুবিধা পেয়ে থাকেন পরীক্ষার্থী। তাই নতুন করে এ সিদ্ধান্ত হয়েছে। তবে পিএসসির এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। তাদের শঙ্কা নির্ধারিত শ্রুতিলেখক অনভিজ্ঞ হলে তাদের পরীক্ষায় প্রভাব পড়তে পারে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের শঙ্কার বিষয়ে শতভাগ আশ্বস্ত করেছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি ইত্তেফাককে বলেছেন, প্রশিক্ষিত ব্যক্তিদের দিয়েই শ্রুতিলেখকের কাজ করা হবে। গার্লস গাইড ও স্কাউটের স্বেচ্ছাসেবকেরা কাজ করবেন। এ কাজের জন্য আমরা তাদের প্রশিক্ষণ দেব, ভাতা দেব। স্কাউটদের এই ভাতা পিএসসি বহন করবে। দুই ঘন্টার দায়িত্বপালনের জন্য প্রতি স্কাউটস ১৬শ টাকা করে সম্মানী পাবেন। সাথে সকালের রাস্তাও দেওয়া হবে।