বাঘায় জেএসসি পরীক্ষার্থী অপহৃত

 
রাজশাহীর বাঘায় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে সুরাইয়া আক্তার জুই নামে এক পরীক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে অপহৃত ওই পরীক্ষার্থীর বাবা থানায় এ বিষয়ে অভিযোগ করেন।
 
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাঘা উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে তথ্য ও প্রযুক্তি বিষয়ে জেএসসি পরীক্ষা দিতে আসে জুই। সে আড়ানী মনোমহনী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কিন্তু পরীক্ষা শেষে তাকে আর খুঁজে পাননি তার বাবা।
 
জুইয়ের বাবা পৌর কাউন্সিলর জিল্লুর রহমান বলেন, 'আমি মেয়েকে বুধবার দুপুর থেকে আত্মীয়-স্বজন সহ অনেক জায়গায় খোঁজা-খুঁজি করে না পাওয়ায় বৃহস্পতিবার বাঘা থানায় একটি জিডি করেছি।'
 
বাঘা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, প্রাথমিক অবস্থায় আমরা ধারণা করছি জুই কোন ছেলে বন্ধুর প্ররোচনায় পরীক্ষা কেন্দ্র থেকে পালাতে পারে। তবে যেহেতু-তার বয়স কম, সে জায়গা থেকে তার ইচ্ছের কোন মূল্য নেই। তাকে খুঁজে পাওয়া গেলে এ বিষয়ে মামলা রেকর্ড করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান