রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ

গ্রিন লাইনের মামলায় পক্ষ হতে মালিক সমিতির আবেদন লড়বেন না মতিন খসরু

গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে গতকাল মঙ্গলবার এ আবেদন করা হয়। কিন্তু ওই আবেদনের পক্ষে লড়তে রাজি হননি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।

এদিকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে আদালতের বেধে দেওয়া সময় আজ বুধবার শেষ হচ্ছে। আদালত এই সময় দিয়ে বলেছিল, ১০ এপ্রিলের মধ্যে টাকা দিয়ে এফিডেভিট দাখিল করতে। যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে পরদিন ১১ এপ্রিলের টিকিট বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয়।

এ বিষয়ে জানতে চাইলে গ্রিন লাইন পরিবহনের মালিক হাজী মো. আলাউদ্দিন ইত্তেফাককে বলেন, আমি আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। অসুস্থ থাকায় ভারতে গিয়েছিলাম চিকিত্সার জন্য। এখন দেশে এসেছি। আদালতের কাছে সময় চেয়ে আবেদন করব।

আমি ভিকটিমের পক্ষে: মতিন খসরু

আদালত থেকে বেরিয়ে মতিন খসরু সাংবাদিকদের বলেন, রাসেলকে বাস চাপা দিয়ে পা বিচ্ছিনের ঘটনাটি হূদয়বিদারক। মানসিকভাবে আমি ভিকটিমের পক্ষে। টাকার জন্য বিবেক বিক্রি করে ওই পক্ষে (বাস মালিক) দাঁড়াতে পারি না। তিনি বলেন, মামলা পরিচালনার জন্য আমাকে ফিস অফার করেছিল। আমি সেটা ফেরত দিয়েছি। আমি যে কোনো মামলায় যে কোনো পক্ষে যেতে পারি না। বিবেক বলতে একটা কথা আছে।